ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ছাদ থেকে তিতেকে ছবি পাঠাবেন ছেলে

রাশিয়া বিশ্বকাপে প্রতিপক্ষকে আটকাতে নতুন ছক আঁঁটছেন ব্রাজিল কোচ তিতে ও তার ছেলে রিিজ বাসি। ছেলে প্রতিটি ম্যাচ দেখবেন স্টেডিয়ামের উপরের কোনো জায়গা থেকে সেখান থেকে তিনি বাবাকে ম্যাচের নানান ছবি ও সেই সংক্রান্ত তথ্য পাঠাবেন। সেই সমস্ত তথ্য অনুযায়ী তিতে কখনও নীতি নির্ধারণ করবেন, কখনও বা সংশ্লিষ্ট ফুটবলারকে তাঁর ভুল ধরিয়ে দেবেন।
 
অভিনব এই পদ্ধতির প্রয়োগ ফিফার অনুমতি নিয়েই করা হচ্ছে। তবে একেবারে স্টেডিয়ামের উপর থেকে যে ম্যাচের কাটাছেঁড়া করা হবে তা তিতের মাথা থেকেই এসেছে। তিনি তাঁর ছেলের ব্যবহারের জন্য একেবারে নতুন ধরনের একটি টেবিলও তৈরি করিয়েছেন। সেখান থেকে সম্পূর্ণ নতুন সব কোণ থেকে ম্যাচের বিভিন্ন ঘটনার ছবি নেওয়া হবে।
 
ইতিমধ্যেই এ বিষয়ে মহড়াও দিয়েছেন বাপ-বেটা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অ্যানফিল্ডের উপরের দিকে এক জায়গায় বসে তথ্য ও ছবি পাঠিয়ে গিয়েছেন তিতেকে। ব্রাজিলের একটি সংবাদমাধ্যমের দাবি, ছেলের কাজে নাকি দারুণ খুশি বাবা। ম্যাচের সময় দেখা গিয়েছে স্টেডিয়ামের একেবারে উপরের দিকে একটা জায়গায় রেডিয়োলিঙ্কের সাহায্যে সরাসরি তিতের টেকনিক্যাল দলের আর এক সদস্য ক্ল্যাবের জাভিয়েকে তিনি তথ্য পাঠাচ্ছেন। ক্ল্যাবের আবার তার থেকে বাছাই করা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি তিতেকে জানাচ্ছেন।
 
অবশ্য এমন নয় যে এটা পুরোপুরি একটা নতুন ভাবনা। আন্তর্জাতিক ফুটবলে এই ধরনের যন্ত্রের ব্যবহার আগেই চালু হয়েছে। তবে এত দিন তা বিরতির সময়ে কোচেরা কাজে লাগিয়েছেন। তাও লকাররুমে বসে। বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় পেপ গার্দিওয়ালা এই যন্ত্রের সাহায্য নিতেন বিরতিতে। কিন্তু তিতের আগে অন্য কেউ মাঠে খেলা চলার সময় এর সাহায্য নিয়েছেন বলে শোনা যায়নি। অন্তত ব্রাজিলীয় সংবাদমাধ্যমের সে রকমই দাবি। ফিফার কাছ থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশন অনুমতি নিয়েই ক্রোয়েশিয়া ম্যাচে রেডিয়োলিঙ্ক যন্ত্র ব্যবহার করেছে। তবে এমন অভিনব ভাবে এর ব্যবহার আগে কেউ করেননি। প্রায় আকাশ থেকে ম্যাচের মুহূর্তকে নিখুঁত ভাবে তুলে ধরার ভাবনা নিঃসন্দেহে বৈপ্লবিক। আর রাশিয়া বিশ্বকাপের সময় এই বিপ্লবের দুই কুশীলব হতে যাচ্ছে, এক বিখ্যাত পিতা ও তাঁর গুণী পুত্র। খবর আনন্দবাজারের।
 

ইত্তেফাক/এএম