চৌগাছায় এক ব্যক্তিকে ‘ট্রাকচাপা’ দিয়ে হত্যা

যশোরের চৌগাছায় আশরাফ হোসেন আশা (৫০) নামে এক ব্যক্তিকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে ডাকাতরা। এ সময় তার ছেলে জসিম উদ্দিন গুরুতর আহত হন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চৌগাছা-বেনাপোল ভায়া কাবিলপুর সড়কের শাহাজাদপুরে এ ঘটনা ঘটে। 
 
আশরাফ হোসেন আশা উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের ছোট কাবিলপুর গ্রামের আনছার আলীর পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 
 
আহত জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে তারা চৌগাছা থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন। তারা শাহাজাদপুর বিজিবি ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সড়কের উপর একটি ট্রাক দেখতে পান। ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় ৭-৮ জন ডাকাত তাদের পেটাতে থাকে। এ সময় ডাকাতদের একজন মোটরসাইকেলটি (যশোর হ- ১৩-০৯৬৬) নিয়ে চৌগাছার দিকে চলে যায়। জসিম দৌড়ে শাহাজাদপুর বিজিবি ক্যাম্পে গিয়ে সহায়তা চাইলেও কেউ সহায়তা করেনি। পরে ট্রাকটি ক্যাম্পের সামনে দিয়ে চলে যায়।  জসিম ঘটনাস্থলে ফিরে দেখে তার পিতাকে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে। পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ এসে লাশটি উদ্ধার করে।  
 
শাহাজাদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আফজাল হোসেন বলেন, ‘ঘটনার সময় আমাদের একটি টহল দল মশ্যমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছিল।’ 
 
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।