আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর জোয়ার সাহারার বিআরটিসির বাস ডিপোতে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন তিন কার্য দিবসের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর এলেনবাড়ির বিআরটিএ’র কার্যালয়ে আসন্ন ঈদ-উল-ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, পরিবহন নেতা ও মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন। গত রাতে রাজধানীর জোয়ার সাহারার বিআরটিসি বাস ডিপোতে রাখা ১১টি বাস আগুনে পুড়ে যায়।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গত মধ্যরাতে রাজধানীর জোয়ার সাহারার বিআরটিসির বাস ডিপোতে আকস্মিক অগ্নিকাণ্ডে এ বাসগুলো পুড়ে যায়। এই ১১টি বাসের মধ্যে ৮টি বাস সচল ছিল।’
তিনি বলেন, এই অগ্নিকাণ্ড কোন নাশকতা কিনা তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এ অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল সেটিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সেতুমন্ত্রী কাদের আরও বলেন, আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ইত্তেফাক/এমআই