মাদকসেবীকে ছাড়িয়ে নিতে এএসআইয়ের ওপর আওয়ামী লীগ নেতার হামলা

গৌরীপুরে শনিবার থানা থেকে আটককৃত মাদকসেবীদের ছেড়ে দিতে রাজি না হওয়ায় আওয়ামী লীগ নেতার হামলার শিকার হয়েছেন এএসআই হাসানুজ্জামান। মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান পল্লবকে।
 
এএসআই হাসানুজ্জামান জানান, দুপুরে হঠাৎ করে গৌরীপুর থানার কর্তব্যরত পুলিশ (ডিউটিরত পুলিশ) কক্ষে ছুটে আসেন উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লব। তিনি তিন ব্যক্তিকে ধরে আনার কারণ জানতে চান। গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়েছে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে যান। তারা মাদক সেবন করে না বলে তাদের ছেড়ে দিতে বলেন। তবে তিনি (হাসানুজ্জামান) মাদকসেবীদের ছাড়তে রাজি না হওয়ায় তারা বাকবিতণ্ডায় জড়িয়ে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয়।
 
রুকনুজ্জামান পল্লবকে গ্রেফতার করেছেন বলে নিশ্চিত করেন ওসি দেলোয়ার আহম্মদ। তিনি জানান, হাসানুজ্জামান রাতে উপজেলার গজন্দর গ্রামের ফজলুল হকের ছেলে মাদকাসক্ত মনোয়ারুল সিফাত (১৯), আইন উদ্দিনের ছেলে মো. হাবিবুুর রহমান (১৮) ও গাভীশিমুল গ্রামের বকুল মিয়ার ছেলে আবু হানিফ (১৮) আটক করে নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে একটি ও থানায় এসে পুলিশের ওপর হামলার ঘটনায় হাসানুজ্জামান বাদী হয়ে ২টি মামলা দায়ের করেছেন। গৌরীপুর থানার ওসি (তদন্ত) তারিকুজ্জামান জানান, রুকনুজ্জামান পল্লবকে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ বিভাগে নেয়া হয়েছে।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস জানান, পল্লব উপজেলার গাভীশিমুল গ্রামের মুক্তিযোদ্ধা খালেদুজ্জামানের ছেলে ও ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শোনেছি পুলিশের সঙ্গে খারাপ আচারণ করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি