রাশিয়া বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচটা ভালো হলো না ফ্রান্সের। বিশ্বকাপের বাছাইপর্ব উত্রাতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দিদিয়ে দেশমের দল। তবে প্রথম ম্যাচে ইতালিকে উড়িয়ে শুরুটা ভালোই করেছিলো উমতিতি-গ্রিজম্যানরা।
বল দখল, দারুণ সব সুযোগ সৃষ্টি করলেও মূল কাজটা করতে পারেনি ফ্রান্সের আক্রমণভাগে খেলোয়াড়রা। ম্যাচের পঞ্চম মিনিটে পল পগবার বিদ্যুত্গতির শট গোলপোস্টে লেগে ফিরে আসে। একের পর এক আক্রমণ করতে থাকা ফ্রান্স পরপর দুই মিনিটে দুটি সুযোগ নষ্ট করে। কিলিয়ান এমবাপের প্রথম প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর তার দ্বিতীয় শট গোলমুখে প্রতিহত হয়। ৩৮তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের জোরালো বাঁকানো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
৪৪তম মিনিটে সবাইকে অবাক করে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। জুলিয়ান গ্রিন গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বদলি নামেন বার্সেলোনা উইঙ্গার উসমান দেম্বেলে। এ সময়ও ফ্রান্স কয়েকটা ভালো সুযোগ তৈরি করে। কিন্তু ফল হয়নি। অবশেষে ৭৮তম মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। এমবাপে গোল করে পরাজয় থেকে রক্ষা করে এই বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্সকে।
ইত্তেফাক/এএম