দিনাজপুরের হাকিমপুর উপজেলার মহেশপুর ব্রিজ এলাকায় মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় দুলাল হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। দুলাল উপজেলার রিকাবী চকচকা গ্রামের ফজলুর রহমানের ছেলে।
হাকিমপুর সার্কেল অফিসার সিনিয়র এএসপি আখিউল ইসলাম জানান, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে থানা পুলিশের একটি দল হিলি থেকে ঘোড়াঘাট রাস্তায় টইল দিচ্ছিল। এ সময় উপজেলার মহেশপুর ব্রিজ এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশের টইলদলটি ঘটনাস্থলের দিকে গেলে কিছু সন্দেহভাজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুলালকে গ্রেপ্তার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থল থেকে পুলিশ ৫২ বোতল ফেন্সিডিল, ১৫০টি ইয়াবা ও ১টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, দুলালের বিরুদ্ধে হাকিমপুর থানাসহ বিভিন্ন থানায় ৪টি মাদকের মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু