কক্সবাজার উপকূলের বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির কবলে পড়ে সাগরে ২০ জেলেসহ ১৬টি নৌকা নিখোঁজ হয়েছে। এ সময় নৌকাডুবিতে এক জেলের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জেলেকে। নিহত জেলের নাম আব্দুস শুক্কুর (৪০)। তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফদন্ডী ইউনিয়নের অছিউর রহমানের ছেলে।
রবিবার ভোর রাতে সৃষ্ট ঝড়ো হাওয়ার কবলে পড়ে এসব নৌকা ও জেলে নিখোঁজ হয়। জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহামদ এই তথ্য জানান।
নিখোঁজ বোটের মধ্যে কক্সবাজার সদরের চৌফলদন্ডীর বাবুল কোম্পানির একটি, ফখরুদ্দিনের একটি, কক্সবাজার শহরের পেশকার পাড়া ফজল কোম্পানি, আমিনুল ইসলাম মুকুল ও শওকত ইসলামের তিনটি। বাকি ১১টি বোটের পরিচয় এখনো পাওয়া পায়নি। বোটের মালিক আমিনুল ইসলাম মুকুল জানান, তার মালিকানাধীন এফবি সেন্টমার্টিনে ১৭ জন জেলে ছিলো। তার মধ্যে ১২জন ফিরে এলেও বোটসহ ৫জন নিখোঁজ রয়েছে।
জেলেদের বরাত দিয়ে জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহামদ জানান, ভোরের দিকে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড়ো হাওয়া সৃষ্টি হলে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের হিমছড়ি, কলাতলী, মহেশখালীতে ১৬টি বোট ডুবে যায়। এসব বোটের অধিকাংশ জেলে সাঁতরে কূলে ফিরে আসতে সক্ষম হলেও এখনো ২০জন জেলে নিখোঁজ রয়েছে। তবে এখনো পর্যন্ত সাগরে শতাধিক বোট অবস্থান করছে। এসব বোটের জেলেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাদেরকে কূলে ফিরে আসতে নির্দেশ দেয়া হয়েছে।
কক্সবাজার হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক জানান, রবিবার সকাল সাড়ে দশটার দিকে মুূমূর্ষু অবস্থায় আনা এক জেলেকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। বাকি ১৩জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/নূহু