রংপুর কেন্দ্রীয় কারাগার ভবন থেকে পড়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে ভবন থেকে পড়ে যান তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সাজাপ্রাপ্ত আসামি সুজন দাস মুন্না (২৫) নগরীর ডিমলা কালিমন্দির এলাকার কমল দাসের ছেলে। মাদক সেবনের দায়ে গত ২ জুন ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের সাজা হয় তার।
জেলার আমজাদ হোসেন ডন জানান, মুন্না রবিবার দুপুরে কারাগারের চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। তবে আত্মহত্যার উদ্দেশ্যে ভবন থেকে ঝাঁপ দিয়েছিলেন নাকি পা পিছলে পড়ে গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
ইত্তেফাক/আরকেজি