বগুড়ার ধুনট উপজেলা ও পৌর ছাত্রদলের শুভেচ্ছা র্যালিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ধুনট শহরের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে ধুনট উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। সকাল ৯টায় শহরের কলাপট্টি হতে র্যালিটি বের হয়ে ফলপট্টি এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১০নেতাকর্মী আহত হয়েছেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলফিজুর রহমান স্বপন বলেন, নবগঠিত কমিটি গঠন উপলক্ষে আমরা একটি শুভেচ্ছা র্যালি বের করি। ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের র্যালিটি ভণ্ডুল করে দিয়েছে। তাদের হামলায় ছাত্রদলের ১০নেতাকর্মী আহত হয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ র্যালির নামে রমজান মাসের পবিত্রতা ভঙ্গ করায় তাদের বাধা দেয়া হয়েছে। এ সময় তারা আমাদের উপর চড়াও হলে পাল্টা তাদের আক্রমণ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি