রবিবার রাতে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামে আরিফুল ইসলাম তার শিশু কন্যার বিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। পরে পণ্ড হয়ে যায় বিয়ের অনুষ্ঠান।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, আরিফুল ইসলাম তার মাদ্রাসা পড়ুয়া শিশু কন্যা আছিয়াকে উল্লাপাড়ার সলঙ্গা গ্রামের যুবক রাহাত আলীর সঙ্গে বিয়ে দিচ্ছিল। যথাসময়ে বরযাত্রীও এসেছিল। বিষয়টি জানতে পেরে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন সরকার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বিষয়টি উল্লাপাড়া থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা আরিফুল ইসলামকে আটক করে। এ সময় বর পক্ষের লোকজন দ্রুত পালিয়ে যায়।
পরে গভীর রাতে ঘাতক আরিফুল স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আর কখনো বিয়ের উদ্যোগ নিবেন না বলে মুচলেকা দিলে পুলিশ তাকে ছেড়ে দেয়।
ইত্তেফাক/নূহু