আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে রবিবার রাশিয়া পৌঁছেছে মিশরের ফুটবলাররা। তবে সেখানে পৌঁছে প্রথম দিনের অনুশীলনে অংশ নেননি লিভারপুলে খেলা দলটির সারা জাগানিয়া ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। গত ২৬ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দিন রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাহুতে চোট পান তিনি। সেই চোট সারাতে এখন কাজ করে যাচ্ছেন সালাহ।
এর মধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিরে সেরা ফুটবলার হয়েছেন মিশরের এই ফরোয়ার্ড। তাই মিশরের জন্য বিরাট এক ট্রাম কার্ড হতে পারতেন তিনি। তবে ইনজুরির কারণে এখন সালাহ শুরু থেকে খেলতে পারবেন কি না, তাই নিয়েই রয়েছে শঙ্কা। রাশিয়ার আখমাত এরিনা স্টেডিয়ামে কোচ হেক্টর কুপারের অধীনে প্রথম দিনের অনুশীলনে না থাকায় দুশ্চিন্তা আরও বেড়েছে।
মিশরের প্রথম ম্যাচ ১৫ জুন। যেই ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। অনুশীলনে অংশ না নিলেও বিশ্বকাপ নিয়ে পুরোপুরি আশাবাদী সালাহ। তিনি বলেন, আমি খুবই রোমাঞ্চিত। ভালো প্রস্তুতি নিয়েছি। মানসিকভাবেও বেশ ভালো আছি। আমরা কোন জায়গায় পৌঁছতে চাই সেটা বলব না। তবে খেলোয়াড়দের আশাটা অনেক উচুতে। আশা করছি ভালো একটা ফল পাব।
অনুশীলনে অংশ না নিলেও মাঠে গিয়েছিলেন সালাহ। সেখানে তার অন্তত ৮ হাজার সমর্থক উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেআই