স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর জলাবদ্ধবতা নিরসনে মেগাপ্রকল্প হাতে নেয়া হয়েছে। আশা করছি আগামী দুই বছর পর ঢাকায় আর জলাবদ্ধতা থাকবে না।
সোমবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটে স্থানীয় সরকার বিভাগ খাতে ১ হাজার ৮৬৮ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা মঞ্জুরি দাবির ওপর কয়েকজন সংসদ সদস্যের আনা ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে মন্ত্রী একথা জানান।
এলজিআরডি মন্ত্রী বলেন, এলজিআরডি একটি উন্নয়নমুখী প্রতিষ্ঠান। সারাদেশে ৩ লাখ ২১ হাজার ৪৬২ কিলোমিটার সড়কের দায়িত্বে এই বিভাগটি। স্থানীয় সংসদ সদস্যদের চাহিদার প্রেক্ষিতে অনেক সময় প্রকল্প বাড়ছে। মন্ত্রী বলেন, ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে সরকার বদ্ধপরিকর, এইলক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন।
এর আগে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, দেশটাতে সমপরিমাণ উন্নয়ন হয়নি। ৬৪ জেলা সমভাবে বরাদ্দ পায়নি। উন্নয়ন যেন সমভাবে হয়, তাহলে সারাদেশের মানুষ সমভাবে উপকৃত হবে। স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীও বলেন, সব নির্বাচনি এলাকায় সমানভাবে উন্নয়ন হয়নি। রাষ্ট্রের এই ব্যাধি দূর করা দরকার।
ইত্তেফাক/এমআই