আশুলিয়ায় পানির ট্যাংকের দেয়াল ধসে মা ছেলের মৃত্যু

সাভার উপজেলার আশুলিয়ায় একটি বাড়ির কংক্রিটের তৈরী পানির ট্যাংকের দেয়াল ধসে চাপা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার ভোরে আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার এলাকায় নূর মোহাম্মদ পালোয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
 
নিহতরা হলেন সেলিমা বেগম (৪০) ও তার ছেলে সিয়াম হোসেন (৮)। নিহত সেলিমা বেগম আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম গ্রুপের পোশাক কারখানার শ্রমিক ছিলেন ও তার ছেলে সিয়াম স্থানীয় একটি মাদ্রাসায় ১ম শ্রেণীতে লেখাপড়া করতো। নিহত সেলিমা খাতুনের বাড়ি গাইবান্দা জেলার সাঘাটা থানার কামালেরপাড়া গ্রামে। তার স্বামীর নাম মৃত মন্টু মিয়া।
 
পুলিশ জানায়, কংক্রিটের তৈরি ওই পানির ট্যাংকটির এক পাশের দেয়াল ভোর রাতে হঠাৎ বিকট শব্দে আধাপাকা টিনশেডের ঘরের উপরে ভেঙ্গে পড়ে। এতে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকা সেলিমা খাতুন ও তার ছেলে সিয়াম দেয়ালের নিচে চাপা পড়েন। এ সময় ওই কক্ষে থাকা সেলিমা খাতুনের ভাই টুটুল মিয়াও আহত হন। স্থানীয়রা দ্রুত টুটুল মিয়াকে উদ্ধার করতে পারলেও সেলিনা ও তার ছেলেকে উদ্ধার করতে পারেনি।
 
খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেওয়ালের নিচে চাপা পড়া মা সেলিমা বেগম ও ছেলে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে।
 
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, ধারণা করা হচ্ছে টিনশেডের আধাপাকা কক্ষের সঙ্গে থাকা পানির ট্যাংকটি দুর্বলভাবে নির্মাণ করায় পানির চাপে সেটি ধসে পড়েছে।
 
আশুলিয়া থানার এসআই আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু