উল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় আশুতোষ সরকার (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হন। রবিবার বেলা ১১টায় উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাংটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশুতোষ রাংটিয়া গ্রামের লংকেশ্বর সরকারের ছেলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ ও দূর্গানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফছার আলী জানান, জমিজমা নিয়ে গ্রামের কালু মণ্ডলের পরিবারের সঙ্গে বেশ কয়েক বছর ধরে লংকেশ্বর সরকারের বিরোধ ছিল। এই  বিরোধের জের ধরে ঘটনার সময় কালু মণ্ডলের লোকজন লাঠিসোটা নিয়ে আশুতোষ সরকারের বাড়িতে হামলা চালায়। গুরুতর অবস্থায় আশুতোষকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ উদ্দিন তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।

আশুতোষের স্ত্রী শেফালী সরকার অভিযোগ করেন, তার স্বামী আশুতোষ তার বাবা লংকেশ্বরের নিকট থেকে কিছুদিন আগে ২৮শতক জমি ক্রয় করেন। কিন্তু এই জমি গ্রামের প্রতিবেশী কালু মণ্ডল জোর করে আশুতোষের নিকট থেকে কেনার প্রক্রিয়া করে। আশুতোষ এতে রাজি না হওয়ায় কালু মণ্ডলের নেতৃত্বে তার ছেলে আতিকুল, জামাতা আব্দুল মান্নান, মেয়ে খাদিজা, ছেলে বউ রাবেয়া ও লতাসহ বেশ কয়েকজন তাদের বাড়িতে এসে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা তার স্বামী আশুতোষকে পিটিয়ে টেনে হেঁচড়ে পাশের রাস্তায় নিয়ে যান। এতে গুরুতর আহত হয়ে জ্ঞান হারান তিনি। এই হামলায় তিনি এবং তার মেয়েসহ ৪ জন আহত হন।

উল্লাপাড়া থানা পুলিশ আশুতোষের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনার পর কালু মণ্ডলের লোকজন পালিয়ে গেছে। এ ব্যাপারে আশুতোষের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/বিএএফ