ঝিনাইগাতী-গোবিন্দগঞ্জ রাস্তা সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী

ঝিনাইগাতী-গোবিন্দগঞ্জ রাস্তাটি সংস্কার, সম্প্রসারণের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তায় প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। ট্রাক, বাস, সিএনজি, অটোরিক্সাসহ অন্যান্য যানবাহন প্রতিনিয়ত চলাচল করে। কিন্তু রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের অভাবে এ পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। 
 
উপজেলা সদর থেকে দুধনই, বনকালি, হলদিবাটা, মনাকোষা, বনগাঁও, খন্দকারপাড়া ও রাজনগর হয়ে গোবিন্দগঞ্জ পর্যন্ত এলজিইডি’র প্রায় ১২কিলোমিটার রাস্তা।
 
গ্রামবাসীরা জানান, ২০১৬ সালে এ রাস্তাটি ঠিকাদার নিয়োগের মাধ্যমে সংস্কার করা হয়। কিন্তু ঠিকাদারের লোকজন নিম্নমানের কাজ করায় কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে খানা-খন্দকের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। 
 
তারা আরো বলেন, এ রাস্তায় প্রতিদিন যানবাহন ও শতশত পথচারী যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের অভাবে পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। 
 
গৌরীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু বলেন, রাস্তাটি সংস্কারের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনাও হয়েছে। কিন্তু সংস্কারের বিষয়ে উদ্যোগ নেয়া হয়নি। 
 
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, রাস্তাটি সংস্কারের জন্যে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই তা সংস্কার করা হবে।
 
ইত্তেফাক/রেজা