রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে আটক ৬

রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ৬ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের টিকিট কালোবাজারির অভিযোগে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। 
 
ভ্রামম্যান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর এএসপি সজল। 
 
সাজাপ্রাপ্তরা হলেন, তেরখাদিয়ার নজরুল ইসলামের ছেলে মামুন উর রশিদ সুমনকে (২৬) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, হেতেম খার মোশাররফ হোসেনের ছেলে মেহেদী হাসান শান্তকে (২৬) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড। চারঘাটের পরানপুরের মৃত বাবুলের ছেলে রকি হাসানকে (২২) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড। শিরোইলের আহসান হাবিব সানকে (২৩) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রামম্যাণ আদালত। এছাড়া নাটোরের লালপুর আব্দুলপুরের শাহবুল হোসেনের ছেলে সিহাবকে (১৪) ভ্রামম্যাণ আদালতের আদেশে আদালতে সোপর্দ করা হয়। পুঠিয়ার খোকশার আবদুস সোবহানের ছেলে এনামুল হককে (১৯) রাজশাহী জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে।
 
এদিকে গত ৯ জুন থেকে রাজশাহীসহ সারাদেশে ঈদের পর ঢাকার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়। রাজশাহী স্টেশনে ফিরতি টিকিট বিক্রির শুরুর দিনই টিকিট কালোবাজারির অভিযোগে ৮ জনকে আটক করে ২ জনকে জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এরপর প্রতিদিন র‌্যাব অভিযান চালিয়ে টিকিটে কালোবাজারিদের আটক করছে। 
 
ইত্তেফাক/নূহু