রাজধানীর হাতিরঝিলের ফুটপাত ধসে পড়ে ৪ পথচারী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে হাতিরঝিল প্রজেক্টের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান সেখানে। পরে তারা ফুটপাত মেরামতের উদ্যাগ নেন।
মঙ্গলবার সকাল পৌণে নয়টার দিকে সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে বাংলা মোটরের দিকে যাওয়ার পথে বক্সকালভার্টের উপরের ফুটপাতের অংশটি ধসে পড়ে।
হাতিরঝিল প্রজেক্টের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার হায়দার আলী গণমাধ্যমকে জানান, ‘ধসে পড়া ফুটপাতের অংশটির নিচে ছিল ওয়াসার পানির পরিত্যক্ত পাইপলাইন। সেটাও ভেঙে নিচে পড়ে গেছে। প্রধান সড়কের ফুটপাত রক্ষা পেলেও শুধু হাতিরঝিল অংশের ফুটপাত ধসে পড়েছে। কী কারণ এখনো স্পষ্ট নয়। আমরা ধসে পড়ার বিষয়টি ওয়াসা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব দ্রুতই এর মেরামতের কাজ করা হবে।’
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার জানিয়েছেন, ফুটপাত ধসে পড়ার ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন। একজনের মাথা কেটে গেছে।
প্রত্যক্ষদর্শী ওয়াসার পয়ঃনিষ্কাশন কর্মী আপন জানান, ফুটপাতের ওই জায়গার কিছু কিছু স্থানে আগেই দেবে গিয়েছিল। সকালে হঠাৎ করে ওই জায়গা হুড়মুড় করে ধসে পড়ে। এ সময় সেখানে থাকা চার পথচারীও নিচে পড়ে যান। আহতদের মই ফেলে ওপরে তোলা হয়। পথচারীদের তুলতে গিয়ে নিজেও আহত হয়েছেন।
ইত্তেফাক/এমআই