মাধবপুরের চৌমুহনী এলাকার শশা ক্ষেত থেকে বুধবার দুপুরে পরিচয়হীন এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে একটি শশার জমিতে মাটির নিচে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহআলমকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম রাজু আহম্মেদ এবং ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, মরদেহটির অধিকাংশ গলে গেছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
ইত্তেফাক/নূহু