‘দ্য ফেনোমেনন’ খ্যাত ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনাল্ডো ভূয়সী প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর। একইসঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির খেলার প্রতি তার আলাদা টান রয়েছে।
জার্মানির ক্রীড়া দৈনিক স্পোর্ট বিল্ডকে দেওয়া সাক্ষাত্কারে সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ফুটবলার রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে বলেছেন, ‘অবিশ্বাস্য মনোভাব, অবিশ্বাস্য জয়ের মানসিকতা নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো অনন্য খেলোয়াড়।’ রোনালদোর প্রশংসা করলেও মেসির প্রতি বাড়তি ভালোলাগার কথা ফুটে উঠেছে রোনাল্ডোর কথায়।
ব্রাজিলের পক্ষে বিশ্বকাপে ১৫টি গোল করা এই সাবেক ফুটবলার বলেছেন; ‘কিন্তু আমি স্বীকার করি, লিওনেল মেসি ফুটবলে আরো বেশি জাদু বয়ে এনেছে। তার ড্রিবলিং, ফুটবল খেলায় তার পূর্ণ ফর্ম, আক্রমণভাগে চমকে দেওয়া পরিস্থিতি করার সামর্থ্য দিয়ে।’
১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন রোনাল্ডো। বিশ্বকাপে গোল করার সর্বকালের সেরার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার পরেই রয়েছে রোনাল্ডোর অবস্থান। ক্লোসা সর্বোচ্চ ১৬টি গোল করেছেন।
পর্তুগীজ উইঙ্গার রোনালদোকে নিয়ে এই ব্রাজিলিয়ান আরো বলেছেন, ‘কৌশলগত দিক থেকে সে অনেক দক্ষ। সময় বলে দিবে ইতিহাসে তার জন্য কি জায়গা রেখেছে। সবচেয়ে ভালো যেটা হয়েছে তার রিয়াল মাদ্রিদে যাওয়া; কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও সে অবিশ্বাস্য সব গোল করেছে।’
রিয়াল মাদ্রিদে এসে ফুটবলার হিসেবে রোনালদো আরো পরিপূর্ণ হয়েছেন বলেই মন্তব্য করেছেন রোনাল্ডো। ব্রাজিলের হয়ে দুবার কোপা আমেরিকা, একবার ফিফা কনফেডারেশনস কাপ জেতা ৪১ বছর বয়সী এই সাবেক ফুটবলার বলেছেন, ‘রিয়ালে এসে সে (রোনালদো) আরো পরিপূর্ণ হয়েছে।’
যদিও রোনাল্ডোর কাছে বিশ্বকাপ জেতাই সবচেয়ে কথা। যার মাধ্যমে গ্রেট হিসেবে ইতিহাসে ঠাঁই পায় ফুটবলাররা। তিনি বলেছেন, ‘সত্য হলো গ্রেট হিসেবে ইতিহাসে নাম লেখানোর ক্ষেত্রে বিশ্বকাপ জয় সবসময় সাহায্য করে।’
মেসি ও রোনালদো এখন পর্যন্ত তিনটি করে বিশ্বকাপ খেলেছেন। ফুটবল বিশ্বকাপে ১৫ ম্যাচ খেলে মেসি গোল করেছেন পাঁচটি, গোলে সহযোগিতা করেছেন তিনবার। সর্বোচ্চ চারটি গোল করেছেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি তিনি। ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে একটি গোল করেছিলেন এই আর্জেন্টাইন।
রোনালদো তিনটি আসরে ১৩টি ম্যাচ খেলে গোল করেছেন তিনটি, গোলে সহযোগিতা করেছেন দুইবার। ২০০৬, ২০১০ ও ২০১৪ প্রতিটি আসরেই একটি করে গোল রয়েছে এই পর্তুগীজের।
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে মেসি ১২৪ ম্যাচে ৬৪টি গোল করেছেন। সেই দৌড়ে এগিয়ে আছেন রোনালদো। পর্তুগালের হয়ে ১৫০ ম্যাচ খেলে ৮১টি গোল করেছেন তিনি।
হাল সময়ে বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলারের ক্যারিয়ারেই আছে বিশ্বকাপ না জেতার হাহাকার। ২০১৪ সালে ফাইনালে গিয়েও ট্রফি হারানোর দুঃখ সঙ্গী হয়েছে মেসির। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিফা কনফেডারেশনস কাপেও ফাইনালে হারের হতাশায় পুড়েছেন ক্লাব ফুটবলে বার্সার হয়ে অনেক ট্রফি জেতা মেসি। অবশ্য দেশের হয়ে ট্রফি জেতার আক্ষেপ মিটিয়েছেন রোনালদো। ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরো জিতেছেন তিনি।