ঈদে নতুন জামা পেল ছিন্নমূল দেড়শো শিশু

ঈদ আনন্দ শিশুদের সঙ্গে ভাগ করে নিতে রাজধানীর তেজগাঁও রেললাইন বস্তিতে ছিন্নমূল শিশুদের হাতে নতুন ঈদের পোশাক তুলে দিয়েছে মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাব। স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন। নতুন পোশাক পেয়ে খুব খুশি হয় এসব শিশুরা।   
 
নতুন জামা নিতে আসা শিশু আকলিমার মা বলেন, ‘আর একদিন পরে ঈদ কিন্তু ওর বাবা নেই, আমি বাসায় কাজ করে যে টাকা পাই তাতে বাসা ভাড়া দিয়া আর টাকা থাকে না। কোলের ছোট্ট মাইমুনার জন্য একটা জামা আনলেও আকলিমার জন্য এখনো কেনা হয়নি নতুন জামা। তবে এই জামা পেয়ে আকলিমা যে কত্ত খুশি হয়েছে আপনারাই দেখেন।’ আকলিমার মত রাসেল, হিরন, জালিছ, নুরিদের চোখে মুখে ছিল আজ ঈদের হাসি। 
 
এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট এম এম বাদশাহ্ বলেন, শিশুদের মুখে এমন নিষ্পাপ হাসি ফোটানোর কথা চিন্তা করেই ২০০৯ সালের অক্টোবর মাসে এক সান্ধ্যকালীন আড্ডায় শুরু হয়েছিল মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের পথচলা। এরপর থেকে প্রতিবছরই ঈদের সময়ে নতুন পোশাক দেয়ার কাজটি করছি আমরা। কারণ আমরা ঈদের খুশির দিনে কোন শিশুর মুখে অখুশি দেখতে চাই না, শিশুরা হাসলে হাসবে পৃথিবী। এজন্যই সংগঠনের প্রত্যেক সদস্য ঈদের খরচ সাশ্রয় করে তহবিল তৈরি করেছি। সেই টাকায় কেনা হয় ছিন্নমূল শিশুদের জন্য নতুন জামা। 
 
পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, মমিন হোসেন, সাধারণ সম্পাদক এফ এম বায়জিদ, প্রচার সম্পাদক মো. শাহজালাল এবং কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা।
 
ইত্তেফাক/ইউবি