ওসমানীনগরে নির্মাণকাজ শেষ হতেই সড়কের গার্ডওয়ালে ধস

ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের হিজলশাহ গ্রামের একটি সড়কে নির্মাণকাজ শেষ করার এক সপ্তাহের মধ্যেই গার্ডওয়ালটি ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ধসে পড়া দেওয়ালটি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের অভিযোগ শোনেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবেন বলে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য রোকন আহমদ চৌধুরী, আব্দুল খালিক ও উমরপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ইসহাক আহমদ শিপন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে এলজিইডি প্রকল্পের আওতায় উমরপুর ইজলশাহ গ্রামের রাস্তা পুনঃসংস্কার ও রাস্তার পাশে ১৩৯ ফুট দৈর্ঘ্যের গার্ডওয়াল নির্মাণের কাজ পায় ‘মাহফুজ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্মেলিত প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ২৪ হাজার টাকা। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে গত মঙ্গলবার রাতে রাস্তার পাশে নির্মিত গার্ডওয়ালটি ধসে পড়ে। ধসেপড়া দেওয়ালটির প্রায় ২৫টি স্থানে ফাটল দেখা দিয়েছে।

উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘ধসে পড়া দেয়ালটি আমি দেখেছি। উপজেলা পরিষদের সমন্বয় সভায় আমি বিষয়টি তুলে ধরব।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার ফারুক আহমদ বলেন, ‘উপজেলা এলজিইডি প্রকৌশলীদের নকশা অনুযায়ী আমি কাজ সম্পন্ন করেছি। এখানে আমার কাজের কোনো ত্রুটি নেই। অপরিকল্পিত নকশা এবং অতিরিক্ত মাটি ভরাটের কারণে এটি ধসে পড়তে পারে।’

ওসমানীনগর উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম নির্মিত দেয়ালের নকশায় ত্রুটি অস্বীকার করে বলেন, ‘সদ্য নির্মাণকৃত দেয়ালটি ধসে পড়ার বিষয়টি আমরা ঠিকাদারকে জানিয়েছি। ঠিকাদার ঈদের পর ধসে পড়া দেয়ালটিতে কাজ করবেন।’

ইত্তেফাক/নূহু