ছোট ভাই অনিল চন্দ্র রায়ের (৪০) এর লাঠির আঘাতে বড় ভাই সুধীর চন্দ্র রায় (৫৫) নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা কোদালধোয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উক্ত গ্রামের মৃত ধরনীকান্ত রায়ের বড় ছেলে সুধীর চন্দ্র রায়ের কাছে ধান মাড়াইয়ের জন্য ছোট ভাই অনিল চন্দ্র রায় কাঠের ধান মাড়াইয়ের যন্ত্র নেন। কিন্তু গত ১৫ দিনেও সেটি বড়ভাইকে ফেরত দেননি।
ঘটনার সময় বড় ভাই সেটি ফেরত চাইলে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। বচসার এক পর্যায়ে ছোট ভাই লাঠি দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলে বড় ভাই মৃত্যুবরণ করেন।
নিহত সুধীর চন্দ্র রায় ৩ ছেলে ও ১ মেয়ের বাবা। অপর দিকে ছোট ভাই অনিল চন্দ্র ১ ছেলে ও ২ মেয়ের বাবা। ঘটনার পর অনিল তার স্ত্রী গোলাপী রানীসহ পালিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে পুলিশকে খবর দিয়ে নিয়ে আসি।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এটি একটি খুনের ঘটনা। আসামি গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু