কাউখালী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব বেপারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। একই সময়ে শিহাব খান (১৬) নামে একজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মোতালেব শির্ষা গ্রামের শাজাহান বেপারীর ছেলে। তিনি একটি মুদি দোকানের মালিক। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শির্ষায় মোতালেবের দোকানে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য মোতালেবসহ স্থানীয় কয়েকজন যুবক পাশের বাড়ি থেকে ডিশ লাইন টানছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের ওপর ডিশ লাইনের তার লেগে বিদ্যুতায়িত হয়। এ সময় ঘটনাস্থলেই মোতালেবের মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে পুড়ে ক্ষত হয়।
 
এ সময় একই গ্রামের আলী খার ছেলে শিহাব খান আহত হয়।  ওই অবস্থায় দুইজনকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত বলে ঘোষণা করেন। মোতালেব এর মরদেহ বাড়ীতে পৌঁছুলে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া।
 
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে মোতালেব নামের একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি।’
 
ইত্তেফাক/নূহু