যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার খুলনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
নগরীর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল সাড়ে আটটায়। এ জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।
ঈদের জামাতে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, কেসিসির নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসক মো. আমিন উল আহসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নগরীতে ঈদের দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয় টাউন জামে মসজিদে সকাল সাড়ে ৯টায়। নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর-জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ ও ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীর খুলনা ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খালিশপুর ঈদগাহ ময়দান, আলিয়া কামিল মাদ্রাসা, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকীয়া মাদ্রাসা ময়দান, তালিমুল মিল্লাত মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা ময়দান, আন্তঃজেলা বাস টার্মিনাল মসজিদ, শিপইয়ার্ড, লবনচরা, চাঁনমারী, রূপসা, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, করবস্থান জামে মসজিদ, জোড়াগেট সিএন্ডবি কলোনী মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠ, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস মাঠ, বিএল কলেজ মাঠ, দেয়ানা ঈদগাহ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ এবং দৌলতপুর ঈদগাহ ময়দানসহ নগরীর বিভিন্ন মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তার ও ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, জেলখানা, শিশু সদন, ভবঘুরে কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনা বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।
ইত্তেফাক/ইউবি