মদ খেয়ে মাতলামি, সংঘর্ষে যুবক নিহত

মদ খেয়ে মাতলামি করার সময় সংঘর্ষে সবদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তের শিংনগর গ্রামে এ ঘটনা ঘটে। 
 
গ্রামবাসী ও জীবননগর থানা সূত্রে জানা গেছে, শিংনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে করিমনচালক সবদুল তার দুই বন্ধু সুজন ও রেজাউল শুক্রবার গভীর রাতে মদপান করেন। অতিরিক্ত মদপানের ফলে এক সময় তারা মাতলামি শুরু করে। মাতলামিকালে তিন জনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সুজনের দুই ভাই সুমন ও মইদুল এসে ভাইয়ের পক্ষ নিয়ে সবদুলকে মারপিট শুরু করে। এক পর্যায়ে সুজন বাড়ি থেকে হাসুয়া নিয়ে এসে সবদুলের পেটে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সবদুল সম্পর্কে সুজনের মামা। 
 
জীবননগর থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতারসহ হত্যায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি