ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিষ্টি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির সময় চার প্রতারককে আটক করা হয়েছে। মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর বাজারে শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে। ওসি মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. তরিকুল ইসলাম জানান, হরেকৃষ্ণপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী কামরুল হাসানের বাড়িতে শুক্রবার বিকালে মাইক্রোবাসে আসা ছয়জন নিজেদের ভ্র্যামমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অভিযান পরিচালনা করেন। পরে ভেজাল মিষ্টি তৈরির দায়ে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
কামরুল দুই লাখ টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। সবশেষে তিনি তাদের দশ টাকা দিতে রাজি হন। এদিকে তাদের কথাবার্তায় সন্দেহ দেখা দিলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ আসার খবর পেয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের দুইজন পালিয়ে যান। পরে চারজনকে আটক করা হয়। তারা হলেন- জেলা শহরের পুলিশ লাইন দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে সেলিম রেজা টুকু (৪৮), সদর উপজেলার কালু পাড়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে নাজমুল হাসান (৩০), খাইরুল ইসলাম (৩৫) এবং রাজিবের পাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে কামাল উদ্দিন (৩৭)।
ইত্তেফাক/আরকেজি