ঈদে দেশব্যাপী জাকের পার্টির ৮৭ জামাত

পবিত্র ঈদুল ফিতরে জাকের পার্টি রাজধানী ঢাকাসহ সারা দেশে শনিবার ৮৭টি জামাতের আয়োজন করে। টানা ৭ বছর ধরে জাকের পার্টি দেশজুড়ে ঈদ জামাতের আয়োজন করছে। সকল জামাত একযোগে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। জামাতে শান্তিকামী ধর্মপ্রাণ মানুষদের ব্যাপক উপস্থিতি ঘটে। অধিকাংশ জায়গায় ঈদ জামাত উৎসবমুখর মানুষের মহাসমুদ্রে পরিনত হয়।
 
জামাত শেষে দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সর্বোপরি শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ করে মোনাজাত করা হয়।
 
৮৭টি জামাত ভেন্যুতে ঈদের আগের দিন থেকেই মূলত উৎসবমুখর আবহ তৈরি হয়। শেষ রমযানে এসব ভেন্যুতে রোজাদারদের নিয়ে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল। সুদৃশ্য তোরণ, প্যান্ডেল, নানা বাণী ও ঈদ শুভেচ্ছা সম্বলিত বর্ণিল ব্যানার ও ফেস্টুন সহযোগে নজরকাড়া সাজে সজ্জিত হয় ঈদ জামাত স্থল।
 
প্রসঙ্গত রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ অংশে ২টি এবং দেশব্যাপী মহানগর, জেলা সদর ও সাংগঠনিক জেলায় আরো ৮৫টি জামাতে সকাল ৯টা থেকে শুরু হয় অনুষ্ঠানমালা। তেলাওয়াতে কালামে পাক, মিলাদ মাহফিল, পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য আলোকপাত করে বয়ান এবং সে সঙ্গে জাকের পার্টির নেতারা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির সম্ভাব্য প্রার্থীরা জাতীয় অগ্রগতির সার্বিক ধারা অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করে শুভেচ্ছা বক্তব্য দেন।
 
ইত্তেফাক/আরকেজি