রাশিয়া বিশ্বকাপে আজ শনিবার বিশ্বকাপের মিশন শুরু করেছে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে দু’দলের মধ্যকার লড়াই।
গতকাল শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে সেরা একাদশ ঘোষণা করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলি। আজকের ম্যাচে আর্জেন্টিনার একাদশে মেসি-আগুয়েরো আছেন আক্রমণভাগে। তবে ধারণা অনুযায়ী দলে জায়গা হয়নি পাওলো দিবালার।
বাছাইপর্ব থেকে ধুকতে ধুকতে চূড়ান্তপর্বে আসা আর্জেন্টিনা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। দলটির কোচ জর্জ সাম্পাওলি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ভালোভাবে এবারের বিশ্বকাপ শুরু করা। বুঝাই যাচ্ছে, জয় ছাড়া অন্যকিছুই ভাবছি না আমরা। আইসল্যান্ড ভালো দল। যোগ্য দল হিসেবেই বিশ্বকাপে এসেছে। তবে আমরা সতর্ক। পরিকল্পনামাফিক খেলতে পারলে এ ম্যাচে জয় পাওয়া কঠিন নয়। এ ম্যাচে ভালো ফল অর্জন করতে পারলে গ্রুপপর্বের পরের ম্যাচগুলো আরও সহজ হয়ে যাবে।’
আর্জেন্টিনা দল: উইলি কাবাইয়েরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, হাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, মাক্সিমিলিয়ানো মেসা, লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া ও সার্জিও আগুয়েরো।
ইত্তেফাক/কেআই