ঝিনাইদহে দু'টি পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বিকালে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে দিলদার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ শহরের হামদো এলাকার দবির হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, দিলদার হোসেন মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে কোটচাঁদপুর যাচ্ছিলেন। বিকাল ৩টার দিকে কালীগঞ্জ ট্রাফিক পোস্ট পার হয়ে কিছু দূর গেলে মোটরসাইকেলের সামনে একটি শিশু পড়ে। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের উপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
অপর দুর্ঘটনা ঘটেছে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া এলাকায়। দুপুর ২টার দিকে সোহাগ (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মারা যান। তিনি মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের মিটুল হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, তিনি বাড়ি থেকে ঝিনাইদহে আসছিলেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআই