নওগাঁর বদলগাছীতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ধামুইরহাট উপজেলা থেকে দুই মাদক ব্যবসায়ী ১৫০ বোতল ফেনসিডিল শরীরে বেঁধে মোটরসাইকেল যোগে নিয়ে যাওয়ার পথে উপজেলার কোমারপুর মোড় নামক স্থানে একটি দাঁড় করানো পিকনিকের বাসের সঙ্গে ধাক্কা লাগে।এ সময় স্থানীয়রা তাদের উদ্ধারের সময় তাদের শরীরে বাঁধা প্রায় ১৫০ বোতল ফেনসিডিল ছিল।
পুলিশ উদ্ধারের আগেই স্থানীয় কিছু নেশাখোর তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং কিছু ভেঙ্গে নষ্ট হয়। পরে মোবাইল ফোনে বদলগাছী থানাকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন- নওগাঁ সদরের পাহাড়পুর গ্রামের মামুনুর রহমানের ছেলে সম্রাট হোসেন (২৩) ও একই গ্রামের নাসের আলীর ছেলে মিন্টু (২২)।
এ বিষয়ে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দীন বলেন, মাদক ব্যবসায়ীরা সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে বদলগাছী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে