ঈদের ছুটিতে বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় জমিয়েছেন গাজীপুর সাফারি পার্কে। ঈদের পরদিন রবিবারও ছিল পার্কে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম।
কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন ১০ হাজারের মতো দর্শনার্থীর সমাগম হয়েছিল। আর আজ পার্কে আনুমানিক ২০ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। যা ঈদের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ।
সরজমিনে দেখা গেছে, দর্শনাথীদের বেশি ভিড় ছিল কোর সাফারি পার্কে। কোর সাফারি পার্কে বাঘ, সিংহ, ভালুক, হরিণ, জেব্রা, জিরাফ ইত্যাদি আলাদা আলাদা সীমানা প্রাচীরের ভেতর উন্মুক্তভাবে বিচরণ করে। এসব প্রাণী দেখতে দর্শনার্থীদের পার্কের নির্ধারিত মিনিবাসে চড়ে যেতে হয়। যার কারণে এ অংশ দেখতে সৃষ্টি হয় দর্শনার্থীদের লম্বা লাইনের। প্রায় দুই ঘণ্টা অবস্থানকালে দেখা গেছে লাইনে ১০০০/১২০০ দর্শনার্থীকে অপেক্ষা করছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, ঈদের দিন ১০ হাজারের বেশি দর্শনার্থী হয়েছিল। আজ পার্কে আনুমানিক ২০ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। যা ঈদের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ। আগামী কয়েকদিন দর্শনার্থীর চাপ থাকবে।
ইত্তেফাক/ইউবি