শ্রীবরদীতে পতাকা টাঙাতে গিয়ে যুবক নিহত

শ্রীবরদীতে ফুটবলভক্ত এক যুবক নিহত হয়েছেন। তিনি তার সমর্থক দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হন। নিহতের নাম মতিন মিয়া (৩২)।
 
জানা গেছে, রবিবার দুপুরে বালিয়াচণ্ডি বাজারে এ ঘটনা ঘটে। মৃত মতিন মিয়া উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচণ্ডি গ্রামের মৃত জহুরুল হকের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মতিন মিয়া বাড়ির পাশে বালিয়াচণ্ডি বাজারে কাঁঠাল গাছের সঙ্গে আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তারে লেগে মতিন মিয়া মাটিতে পড়ে যান। পরে স্থানীয় ও পরিবারের লোকজন শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।
 
গোশাইপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম জুবায়ের হোসেন জানান, বৈদ্যুতিক খুঁটির পাশের গাছে পতাকা টানাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে মতিন মিয়ার মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/নূহু