বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের চর হোগলাবুনিয়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে মোকলেছুর রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার কন্যা তাছলিমা বেগম (৪৫) ও মাজেদা বেগম (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অত্র ইউনিয়নের এক প্রভাবশালী ব্যক্তির কতিপয় সমর্থকদের সঙ্গে শনিবার ঈদগাহ ময়দান নিয়ে মৃত করম আলী চৌকিদারের পুত্র মোকলেছুর রহমানের কথা কাটাকাটি হয়। তার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোকলেছুর রহমানকে মারপিট ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পিতাকে বাঁচাতে গিয়ে তার দুই কন্যা তাছলিমা বেগম (৪৫) ও মাজেদা বেগম(২৫) গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের পিরোজপুর সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। সেখানে মোকলেছুর রহমান ভোর সাড়ে ৪টায় মারা যায়।
ইউপি চেয়ারম্যান ডা. আকরামুজ্জামান জানান, তিনি ঘটনাস্থল গিয়েছিলেন। তবে প্রতিপক্ষ গ্রুপ কারা তা তিনি জানেন না। নিহতের মেয়েরা বলতে পারবেন। তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
থানা অফিসার ইন চার্জ (তদন্ত) আলমগীর কবির জানান, প্রতিপক্ষ গ্রুপ জলিল ও খলিল গং। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/নূহু