ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভিজিএফ কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে গৌরীপুর পৌর শহরের মধ্য বাজার এলাকার ব্যবসায়ী জসিমের দোকানে ভিজিএফের অর্ধশতাধিক চালের বস্তা মজুদ করা হয়। সরকার ভিজিডি’র প্রতি কেজি চাল ৩৯ টাকায় ক্রয় করে উপকারভোগীদের মধ্যে বিতরণ করে।
সোমবার বিকালে ভিজিডির চালের বস্তা বোঝাই করে দুটি রিকশা মধ্যবাজার এলাকার ধান-চাল ব্যবসায়ী জসিমের দোকানে এসে থামে। পরে রিকশা থেকে চালের বস্তা নামিয়ে জসিমের দোকানে মজুদ করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা ছবি তুললে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরে জসিমের দোকানের ভেতরে গিয়ে দেখা যায় ভিজিএফ’র প্রায় অর্ধশতাধিক চালের বস্তা সেখানে মজুদ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, এই চালের বস্তাগুলোগুলো ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এসেছে। আজ সেখানে চাল বিতরণের সময় ভিজিডির কার্ডধারী মহিলাদের কাছ থেকে ২০ থেকে ২২ টাকা দরে প্রতি কেজি চাল ক্রয় করেছি।
ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বেশির ভাগ উপকারভোগী অগ্রিম টাকা নিয়ে নিজেদের বরাদ্দের ভিজিএফের চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। পরে যখন ইউনিয়ন পরিষদ থেকে ওই চাল বিতরণ করা হয় তখন ব্যবসায়ীরা উপকারভোগীদের কাছ থেকে চাল নিয়ে নিজেদের দোকানে মজুদ করে বিক্রি করে।
উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা ইসরাত আহমেদ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফে’র চাল চেয়ারম্যান সাহেরা তোলে নিয়ে গেছেন। বরাদ্দকৃত প্রতি কেজি চাল ৩৯ টাকায় গত আমন মওসুমে কেনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম বলেন, এ বিষয়ে খোঁজ নেয়ার জন্য লোক পাঠিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/কেআই