মেসি কেন সংবাদ সম্মেলনে যাননি সেটা বলতে পারছি না

 
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ফুটবলে মাঠের লড়াইয়ে যেমন কৌশলী, তেমনি কৌশলী মাঠের বাইরের প্রতিকূল অবস্থা সামাল দেওয়ার ক্ষেত্রেও। কিভাবে নিজেকে নিরাপদ স্থানে আগলে রাখবেন সেটা তার ভালোই জানা আছে। বিশ্বকাপ ফুটবলে আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম খেলার আগে সংবাদ সম্মেলনে আসবেন এমনটা অনেকেই ধরে নিয়েছিলেন। ঘণ্টাখানেক আগেই সম্মেলন কক্ষের সব চেয়ার দখল হয়ে গিয়েছিল। ভেতরে ঢুকতে না পেরে আর্জেন্টাইন অনেক সাংবাদিক তাই বাইরে দাঁড়িয়ে রইলেন। সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ সাম্পাওলি যখন ঢুকলেন তখন তার হাত ধরে ঢুকলেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ডিফেন্ডার নিকোলাস টাগলিয়াফিকো।
 
প্রশ্নোত্তর পর্ব শুরু হবার পর প্রথম প্রশ্ন করার আমন্ত্রণ পায় দৈনিক ইত্তেফাক। এই প্রতিবেদক প্রথম প্রশ্নেই আর্জেন্টাইন কোচের কাছে জানতে চান মেসি কেন সংবাদ সম্মেলনে এলেন না। প্রশ্ন শুনে সাংবাদিকদের মধ্যে একপ্রকার ‘ফিসফাস’ শুরু হয়ে যায়। কারণ সাংবাদিকরা ধরে নিয়েছিল মেসিই তাদের সামনে আসবেন এবং প্রশ্নের উত্তর দিবেন। কিন্তু তাকে না দেখে শুরুতেই হতাশ হয়ে যান তারা। সবাইকে থামার অনুরোধ জানিয়ে জবাব দেন কোচ সাম্পাওলি। তিনি বলেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। সংবাদ সম্মেলনে তারা যাকে নির্ধারণ করে দেবেন তিনিই আসবেন। এখানে আমার কিছু করার নেই।’
 
সংবাদ সম্মেলনে নিজের নাম, দেশের নাম এবং পত্রিকার নাম উল্লেখ করে প্রশ্ন করার নিয়ম। তা ছাড়া একটার বেশি প্রশ্ন করা যাবে না। একারণে একটু চালাকি করে আর্জেন্টিনার কোচকে প্রথম প্রশ্নের সঙ্গেই আরেকটি প্রশ্ন জুড়ে দেন এই প্রতিবেদক। সেই প্রশ্ন মনোযোগ দিয়ে শুনে তার জবাবও জুড়ে দেন তিনি।
 
প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল—২০১১ সালে নাইজেরিয়ার বিপক্ষে ফিফার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা। সেবারও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আসেননি মেসি। ঢাকার সাংবাদিকরা হতাশ হয়েছিলেন মেসিকে না পেয়ে। ২০১৪ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার প্রথম ম্যাচের সংবাদ সম্মেলন একই ভাবে এড়িয়ে যান এই তারকা।
 
পিনপতন নীরব সংবাদ সম্মেলনে কথাগুলো শুনছিলেন কোচ সাম্পাওলি। তিনি  বললেন, ‘আমি তো তখন দায়িত্বে ছিলাম না। তাই মেসি কেন ঢাকায় সংবাদ সম্মেলনে যাননি সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। আর ২০১৪ বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল কিনা সেটিও আমার জানা ছিল না। তবে আবারো বলছি, এই বিষয়টি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তারা যেভাবে পরিকল্পনা করে সেভাবেই আমাদেরকেও চলতে হয়।’
 
খেলার আগে সংবাদ সম্মেলনে দলের সবচেয়ে ভালো খেলোয়াড়টি উপস্থিত থাকবেন ফিফার আইনে এটি বাধ্যতামূলক নয়। যেহেতু মেসি অধিনায়ক এবং বিশ্বসেরা ফুটবলার। তাই তাকে নিয়ে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। খেলা ১-১ গোলে ড্র হওয়ার পরও সংবাদ সম্মেলনে আসেননি তিনি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ