নারায়ণগঞ্জের আড়াহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে আক্তার হোসেন নামের একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের হাইজাদী গ্রামে এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এস আই) মজিবুর রহমান জানান, ওই গ্রামের আনোয়ার ও তার ভাই শাহপরাণের পরিবারের মধ্যে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। এতে জড়িত হয় আনোয়ারের শ্যালক আক্তার। সে ধারালো দা দিয়ে শাহপরাণের পরিবারবর্গকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে।
এ সংঘর্ষে শাহপরাণ (৩২), আমজাদ হোসেন (৪৪), মোহাম্মদ আলী (৬৬), নাবিলা (১৮), সুজন (১৮), আক্তার হোসেন (৩৬), আলমসহ (১৮) ১০জন গুরুতর আহত হয়। তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে আক্তার হোসেনকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি এম এ হক জানান, এই ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু