শ্রীবরদীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি মাহবুব ওরফে হিরোইন মাহবুবকে (৪০) মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহবুব পৌর শহরের উত্তর বাজার মহল্লার মৃত টেবারু তালুকদারের ছেলে। এ ব্যাপারে মাহবুবসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার মাহবুবকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহবুব দীর্ঘদিন যাবৎ হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময়ে পুলিশ, র্যাব, ডিবি ও মাদক অধিদপ্তরের অভিযানে গ্রেফতারও হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে এখনও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে বলে সূত্র জানায়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাজারের মহল্লায় তার নিজ বাসায় অভিযান চালানো হয়। এতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে এসআই শহীদুজ্জামান বাদী হয়ে মাহবুব ওরফে হেরোইন মাহবুবসহ আরো অজ্ঞাত তিন নের নামে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
মাহবুবকে গ্রেফতারে পৌর শহরসহ উপজেলার মাদক ব্যবসায়ীদের মধ্যে রাতভর ছিল ক্রসফায়ার আতংক। এখন এসব মাদকব্যাবসায়ীরা গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিয়েছে।
ইত্তেফাক/নূহু