গৌরীপুরে ভিজিএফের চাল দোকানে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভিজিএফ কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে গৌরীপুর পৌর শহরের মধ্য বাজার এলাকার ব্যবসায়ী জসিমের দোকানে ভিজিএফের অর্ধশতাধিক বস্তা চালের মজুদ পাওয়া যায়।
 
এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, এই চালের বস্তাগুলোগুলো ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এসেছে। আজ সেখানে চাল বিতরণের সময় ভিজিডির কার্ডধারী মহিলাদের কাছ থেকে ২০ থেকে ২২টাকা দরে প্রতি কেজি চাল ক্রয় করেছি।
 
ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,  বেশির ভাগ উপকারভোগী অগ্রিম টাকা নিয়ে নিজেদের বরাদ্দের ভিজিএফের চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। পরে যখন  ইউনিয়ন পরিষদ থেকে ওই চাল বিতরণ করা হয় তখন ব্যবসায়ীরা উপকারভোগীদের কাছ থেকে চাল নিয়ে নিজেদের দোকানে মজুদ করে বিক্রি করে।
 
উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা ইসরাত আহমেদ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের চাল চেয়ারম্যান সাহেরা তুলে নিয়ে গেছেন। বরাদ্দকৃত প্রতি কেজি চাল ৩৯ টাকায় গত আমন মওসুমে কেনা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য লোক পাঠিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু