টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে প্রচারণায় গিয়ে প্রার্থীর বড় ভাই মাসুদ রানা (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ( ১৮ জুন) বিকেলে তার মৃত্যু হয়। স্থানীয় কাউন্সিলর দেলুয়ার হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত মাসুদ রানা উপজেলার করাতিপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী শিউলী দেলুয়ারের বড় ভাই।
কাউন্সিলর দেলুয়ার হোসেন বলেন, বাসাইল পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী শিউলী দেলুয়ারের বড় ভাই মাসুদ রানা সোমবার নির্বাচনী প্রচারণায় আসেন। সকাল থেকে তিনি নির্বাচনী প্রচারণায় ছিলেন। এরপর দুপুরে হঠাৎ করেই তার শরীর খারাপ হয়। এমতাবস্থায় তাকে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট বোন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী শিউলী দেলুয়ার বলেন, ‘নির্বাচনী প্রচারণায় গিয়ে হঠাৎ করেই আমার ভাইয়ের শরীর খারাপ হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’ তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/নূহু