দল নিয়েই ভাবছেন রোনালদো

 
যদিও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন। তারপরও পর্তুগালকে কেউ বিশ্বকাপে ফেবারিট হিসেবে দেখছে না। কিন্তু স্পেনের সাথে ৩-৩ গোলে ড্র করার পর দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা পর্তুগালের জন্য এখন সময়ের ব্যাপার হওয়া উচিত। বিশেষ করে আজকে সন্ধ্যায় মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত জয়টা পেলেই তাদের দ্বিতীয় রাউন্ড অনেকটা নিশ্চিত হয়ে যাবে।
 
স্পেনের বিপক্ষে পর্তুগালের ম্যাচটা শেষ পর্যন্ত হয়েছে রোনালদো বনাম পর্তুগাল। সেই ম্যাচে স্পেনের ৩ গোলের জবাবে রোনালদো করেছেন হ্যাটট্রিক। রিয়াল মাদ্রিদ তারকার এটা ছিলো ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক। অন্য দিকে বিশ্বকাপ ইতিহাসেরও এটা ৫১তম হ্যাটট্রিক ছিলো। ক্রিস্টিয়ানো রোনালদো এই গোল করার ভেতর দিয়ে চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চতুর্থ ফুটবলারে পরিণত হলেন। রোনালদো নিজে অবশ্য নিজের চেয়ে দলের অর্জন নিয়েই বেশি ভাবছেন।
 
তিনি সেটাতেই মন দিতে চাইছেন, ‘আমি খুবই খুশী। এটা বেশ ভালো একটা ব্যক্তিগত রেকর্ড। আমার ক্যারিয়ারে আরও একটা (হ্যাটট্রিক) যোগ হলো। তবে আমার জন্য মূল ব্যাপার হলো, দল হিসেবে আমরা কী করতে পেরেছি, সেটাতে গুরুত্ব দেওয়া। বিশেষ করে বিশ্বকাপের অন্যতম ফেবারিট একটা দলের বিপক্ষে আমাদের পারফরম্যান্স ছিলো দারুণ।’
 
মরক্কোর সাথে এটা পর্তুগালের মাত্র দ্বিতীয় সাক্ষাত হতে যাচ্ছে। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিলো দুই দল। পর্তুগালকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে গিয়েছিলো মরক্কো।
 
তবে মরক্কোর সেই সুদিন আর নেই। তাই দলটিকে হারানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী পর্তুগালের স্ট্রাইকার আন্দ্রে সিলভা, ‘আমি মনে করি, দুই দলের তুলনা করলে আমরা মরক্কোর চেয়ে শক্তিশালী দল। কিন্তু আমি এটা বলছি না যে, খেলাটা আমাদের জন্য সোজা হতে যাচ্ছে। আমরা তাদের ছোট করে ভাবতে পারি না। আমাদের অবশ্যই প্রতিপক্ষকে শ্রদ্ধা করতে হবে। আর বিশ্বকাপে যে কোনো ম্যাচই কঠিন ম্যাচ।’
 
মরক্কো এবার বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডে একটা গোলও হজম করেনি। তারা ২০ বছর পর আবার বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিয়েছে। প্রথম ম্যাচে নিজেদের টিকিয়ে রাখার মতো করেই খেলছিলো। কিন্তু ইরানের বিপক্ষে ম্যাচের ৯৫ মিনিটে আত্মঘাতী এক গোলে হেরে গেছে তারা।
 
এখান মরক্কো দলটাকে পর্তুগাল ও স্পেনের মতো দুই বৃহৎ শক্তির মুখোমুখি হতে হবে। তাদের অলৌকিক কিছু আশা করা ছাড়া পরের রাউন্ডে যাওয়াটা কঠিন হবে। তবে দলটির মিডফিল্ডার ফয়সাল ফাজির বলছিলেন, এখনও তাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। দলটির এই তরুণ তারকা বলছিলেন, ‘আমি যদি বলি যে, আমি বিশ্বাস করি না যে, পরের রাউন্ডে যেতে পারবো, তাহলে মিথ্যা বলা হবে। আমি কিছু উদাহরণ দিতে পারি। যেমন আর্জেন্টিনা ড্র করেছে। এরপরও তারা কিন্তু আশা ছাড়েনি। আসলে আশা থাকলে উপায় হয়। পর্তুগালের খেলোয়াড়দের দুটো হাত, দুটো পা; ওরাও আমাদের মতোই মানুষ। তাহলে আমরা পারবো না কেনো। আমরা একটা লড়াই হেরে গেছি, কিন্তু যুদ্ধ তো হারিনি। এখনও মরিনি আমরা।’
 
ইত্তেফাক/মোস্তাফিজ