যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে যশোর শহরের রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত চন্দন ঘোষ শহরের টিবি ক্লিনিক এলাকার ভবতোষ ঘোষের ছেলে। 
 
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার ভোরে পরিবহনযোগে ঢাকা থেকে যশোরে আসেন চন্দন ঘোষ। রিকশাযোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছলে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, ঢাকা থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে চন্দন ঘোষ ছিনতাইকারীদের কবলে পড়েন।ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। পুলিশ জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে। 
 
ইত্তেফাক/কেকে