ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলী এলাকায় বাসষ্ট্যান্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক ও হেলপারসহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছেন। দুই চালক ও হেলপারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ওই দিন সকালে ঢাকা থেকে আগত একটি যাত্রীবাহী বাস বাথুলী বাসষ্ট্যান্ডে এলে বিপরীত থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকের চালক এবং হেলপারসহ অন্ততঃ ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
IMG0
তবে হাইওয়ে পুলিশ কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, দুই চালক ও হেলপারের অবস্থা আশংকাজনক। কারো নাম পরিচয় জানা যায়নি।
বাথুলী বাসষ্ট্যান্ড এলাকা ডিভাইডার দিয়ে তিনটি ভাগে ভাগ করা হলেও মাঝখানের লেনে উভয় দিকে গাড়ি চলাচল করছে। কাজেই ডিভাইডার দেয়ার পরও মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি রয়েই গেছে। ওই এলাকায় হর হামেশা মুখোমুখি সংঘর্ষজনিত দুর্ঘটনা ঘটছে। মুখোমুখি সংঘর্ষ এড়াতে মাঝেখানের লেনে ডিভাইডার নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
ইত্তেফাক/কেকে