ধুনটে ছাত্রী ধর্ষণের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় জুবায়ের রহমান (১৫) নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। জুবায়ের রহমান উপজেলার হাসাপোটল গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং ধুনট এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বুধবার দুপুর ২টার দিকে ধুনট থানা থেকে জুবায়েরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে মেয়েটি বাবার বাড়ি থেকে পাশ্ববর্তী ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ সুযোগে ফাঁকা রাস্তায় মেয়েটিকে একা পেয়ে জুবায়ের তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে জুবায়ের কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা মেয়েটিকে উদ্ধার করে সোমবার রাত ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়।

কিন্ত বাড়িতে ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরনে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে মেয়েটির অবস্থা আশংকাজনক।

সংবাদ পেয়ে থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে জুবায়ের রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর ফুপাবাদী হয়ে জুবায়ের রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানায় আটক জুবায়ের রহমান জানায়, এ ঘটনার সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা নেই। উদ্যেশ প্রণোদিতভাবে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অংকিতা রব চৈতি বলেন, এখানে এ ধরনের রোগীর পরীক্ষা-নিরীক্ষার কোন ব্যবস্থা না থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত জুবায়ের রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু