রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সিরাজুল কবির দফাদারের দাফন

কক্সবাজারের টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি-কমান্ডার ও হ্নীলা ইউপির সাবেক দফাদার সিরাজুল কবির অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় মর্যাদা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় এই বীর মুক্তিযোদ্ধাকে দাফনের মাধ্যমে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

বুধবার দুপুর ২টায় উপজেলার হ্নীলা দরগাহ গোরস্থান ময়দানে জানাজা পূর্ব রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের একটি চৌকষদল তাকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। এ সময় সাবেক সাংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হোসেন, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও বিশিষ্ট শ্রমিক নেতা আইয়ুব বাঙ্গালী, টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, মুক্তিযোদ্ধা রশিদ আহমদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এইচকে আনোয়ার (সিআইপি), টেকনাফ উপজেলা সিপিপি টিম লিডার কায়সার উদ্দিন আহমদ, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, কক্সবাজার জেলা জজকোর্ট কর্মচারী কল্যান পরিষদের সভাপতি ও টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি মোঃ শাহজাহানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত পৌনে ৯টারদিকে উপজেলার হ্নীলা পূর্ব ফুলের ডেইলের মৃত আব্দুল আজিজ দফাদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা ও সাবেক দফাদার সিরাজুল কবির (৬২) হঠাৎ ডায়াবেটিস ও ব্লাড প্রেশারজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত উদ্ধার করে হ্নীলা স্টেশনে ক্লিনিকে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে রেফার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাত পৌনে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ২ মেয়ে, ভাই-বোন, আতœীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭১ সালে চট্টগ্রাম ১নং সেক্টরে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশ-গ্রহণ করেন।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাক/নূহু