গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতারণা করে টাকা উত্তোলন করতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ধরা পড়েছেন প্রতারক চক্রের ৪ সদস্য। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার জয়নগর রূপালী ব্যাংকে এ ঘটনা ঘটে।
তারা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার চরকামারকান্দি গ্রামের মৃত আব্দুস সালাম মোল্যার ছেলে ফারুক মোল্যা (৪৯), চর সরাইল গ্রামের মৃত আকবার আলী হাওলাদারের ছেলে মোতালেব হাওলাদার (৪৫), যাদুয়ারচর গ্রামের শামচুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও মিছরাকান্দি গ্রামের মতলেব ব্যাপারীর ছেলে আবু বকর (২৯)।
রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মফিজুর রহমান বলেন, গত ১২ জুন জয়নগর বাজারের ফার্নিচার ব্যবসায়ী কেনারাম রায় টাকা উত্তোলনের জন্য ব্যাংকে আসেন। ব্যাংকের কাউন্টারের সামনে তিনি চেক বইয়ের একটি পাতা রেখে পাশে এক লোকের কাছে কলম আনতে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ওই প্রতারক চক্রের সদস্যরা কৌশলে ব্যবসায়ী কেনারাম রায়ের চেকের পাতাটি নিয়ে ব্যাংক থেকে পালিয়ে যান। পরে তিনি বিষয়টি আমাদের জানালে আমরা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চেক নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করি এবং ঘটনার পর থেকে নজরদারি করতে থাকি।
বুধবার বেলা ১১টার দিকে ওই প্রতারক চক্রের সদস্যরা দুটি মোটরসাইকেলযোগে এসে ব্যাংকের সামনে নামে। পরে ব্যাংকের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের ব্যাংকের নিরাপত্তাকর্মীরা আটক করে। পরে ফুটেজের সঙ্গে তাদের চেহারার মিল থাকায় আমরা প্রতারক চক্রের বিষয়টি নিশ্চিত হই। পুলিশকে খবর দিলে এসে চার প্রতারক চক্রের সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।
এ সময় প্রতারক চক্রের প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকল, রূপালী ও অগ্রণীসহ বিভিন্ন ব্যাংকের চেকসহ তৈরি সিল উদ্ধার করে পুলিশ।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা দীর্ঘ ২০ বছর ধরে এ ধরণের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ইত্তেফাক/আরকেজি