বলিউডের অসংখ্য হিট গানের সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। সারাবছর বিভিন্ন কাজ নিয়ে সংবাদ শিরোনামে আসেন তিনি। আর খবরের বিষয়গুলো সেই গতানুগতিক খবরেই আটকে থাকে। প্রেমের সম্পর্ক নিয়ে বহুদিন কোনো গুঞ্জন ওঠেনি এই তারকার। দীর্ঘদিন পর আবারো এমন খবরের শিরোনাম হলেন মোনালি।
মাইক রিকটার নামের বিদেশি এক ছেলের সাথে সম্প্রতি ঘুরে বেড়াচ্ছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বহু ছবি শেয়ার করেছেন মাইকের সঙ্গে। আর সেগুলো সাধারণ ছবি নয়। তাদের দেখা যাচ্ছে কখনো সমুদ্র সৈকতে, তো কখনো রেকর্ডিং স্টুডিওতে। মাইকের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট স্টক করে যদিও তার বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে মাইক যে মন থেকে একজন ট্র্যাভেলার সেটা পরিষ্কার। মোনালির সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন মাইক। কিন্তু বিষয়টি ধোঁয়াশায় রেখেছেন মোনালি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো বলার সময় হয়নি। অনেকে অনেক কথা বলছেন। আমার কানেও সেগুলো আসছে। কেউ বলছেন প্রেম করছি, আবার কেউ বলছেন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে প্রেম নাকি বিয়ে সেটি শিগগিরই জানাবো।’ উল্লেখ্য, ‘ইন্ডিয়ান আইডল’-এর সময় থেকে শো-এর অন্য এক প্রতিযোগী চ্যাংয়ের সাথে প্রেম করতেন মোনালি। দীর্ঘদিন প্রেম করার পর সম্পর্কের বিচ্ছেদ হয় তাদের।