আগামী নির্বাচন জাতির মহেন্দ্রক্ষণ: খালিদ

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির মহেন্দ্রক্ষণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন এ জাতির ভাগ্য ঠিক করে দিবে। আগামীতে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এ দেশ নির্ধারিত সময়ের অনেক আগেই উন্নত দেশের মর্যাদা পাবে।
 
বুধবার জেলার বিরল উপজেলায় এক আনন্দ র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বসন্তপুর ঘাটে নতুন ব্রিজের অনুমোদন পাওয়ায় এলাকাবাসী এ আনন্দ র‌্যালির আয়োজন করে।
 
দেশব্যাপী অভাবনীয় উন্নয়নের নানা বিষয় তুলে ধরে খালিদ বলেন, আজকে বাংলাদেশকে পিছিয়ে দিতে দেশে-বিদেশে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। আগামী নির্বাচন একদিকে যেমন জাতির ক্রান্তিকাল তেমনি মহেন্দ্রক্ষণও। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে- উন্নয়ন ও অগ্রগতির পক্ষে যাবেন নাকি বিএনপি-জামায়াতের সেই দুর্বিষহ অন্ধকারের দিকে যাবেন। শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে বাঙালির সুখের দিন ফিরে আসবে, এ দেশ স্বর্ণযুগে প্রবেশ করবে।
 
উপস্থিত জনগণের উদ্দেশ্যে খালিদ বলেন, দেশের এ অগ্রগতি ধরে রাখতে হলে আবারো আওয়ামী লীগকে ভোট দিতে হবে। কোন প্রার্থী বিষয় নয়; নৌকা প্রতীক যার হাতে থাকবে সকল ভেদাভেদ ভুলে তার জন্য সবাইকে কাজ করতে হবে। আপনারা যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন এ দেশ পিছিয়ে যাবে। আমাদের প্রজন্ম পিছিয়ে যাবে।
 
সকল ভেদাভেদ ভুলে এখনই উন্নয়নের বার্তা নিয়ে জনগণের কাছে যেতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি। দিনাজপুরসহ দেশের অভাবনীয় উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় র‌্যালি থেকে।
 
বসন্তপুর ঘাটে ২৫০ মিটার এ সেতু দিনাজপুর সদর ও বিরলকে যুক্ত করবে। দিনাজপুর সদর ও বিরলের এটি চতুর্থ সংযোগ সেতু। এ উপলক্ষে বুধবার দিনাজপুর মেডিকেলের সামনে থেকে বিরল আওয়ামী লীগ কার্যালয় পর্যন্ত আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।
 
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর।
 
ইত্তেফাক/আরকেজি