পুঠিয়ায় বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া থেকে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বারেকের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুঠিয়া থানার ওসি সাকিল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
 
তারা হলেন- জয়নাল আবেদিন, আবদুল জলিল মোল্লা, শহিদুল ইসলাম, মজিবর রহমান, লুৎফর রহমান, হাফিজুল ইসলাম, মনসুর রহমান, আবদুস সোবহান মোল্লা ও আবদুল মালেক। পুঠিয়ার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। এদের মধ্যে জয়নাল আবেদিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জলিল মোল্লা জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং শহিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক।
 
পুঠিয়া থানার ওসি সাকিল আহমেদ জানান, মঙ্গলবার রাতে বিএনপির এই নয় নেতাকর্মী বারেকের মোড়ের একটি চায়ের দোকানের পেছনে গোপন বৈঠকে বসেছিলেন। সেখানে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা করা হয়। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি