মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই আহত

নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই ইলিয়াছ খান গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে দঁড়িসোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউলকে গ্রেফতারের সময় তার বাবা টুক্কু মিয়া ছেলেকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। এসময় তার সঙ্গে থাকা পুলিশের দল মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে গ্রেফতার করে। আহত এএসআই ইলিয়াছ খানকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহীন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ইলিয়াস খান ফোর্স নিয়ে দঁড়িসোনাকান্দা এলাকার মাদক ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করেন। এসময় রবিউলকে ছিনিয়ে নিতে তার বাবা মাদক ব্যবসায়ী টুক্কু মিয়া এএসআই ইলিয়াছকে ছুরিকাঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুহুর্তে অন্য পুলিশ সদস্যরা বাবা-ছেলেকে আটক করে। পরে এলাকাবাসীর সহায়তায় আহত এএসআইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
 
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব আলম জানান, এএসআই ইলিয়াছ খানের বুকের বাম পাশে ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়েছে। এ কারণে তাকে অক্সিজেন লাগিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
 
ইত্তেফাক/আরকেজি