গৃহকর্মীকে আটকে রেখে লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে রংপুর মহানগরীর এক মুক্তিযোদ্ধার বাড়িতে। এ সময় মুখোশধারী ডাকাত সদস্যরা গৃহকর্মীকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে মালামালের লুট করে। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নগরীর লালবাগ কলেজপাড়ার ভিআইপি মিঠু সড়কের প্রয়াত মুক্তিযোদ্ধা তালেবুর রহমানের বাড়িতে ডাকাতির ওই ঘটনা ঘটেছে।
প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে ইঞ্জিনিয়ার তুহিন জানান, তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। কলেজপাড়ার ভিআইপি মিঠু সড়কের দ্বিতীয়তলার বাড়িতে তার মা রুপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আরজিনা বেগম ও ছোট ভাই থাকেন। তারা মঙ্গলবার দিনাজপুরে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যান। রাতে বাড়িতে আর না ফেরায় বাড়িতে শুধু কাজের বুয়া ছিলো।
রাত সাড়ে ৯টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল বাড়ি প্রধান গেইট বন্ধ থাকায় দেওয়াল টপকিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। পরে তারা দ্বিতীয় তলায় গিয়ে গৃহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির প্রতিটি রুম ও আলমারির চাবি চায়।
গৃহকর্মীর কাছে বাড়ির কোন চাবি না পেয়ে ডাকাত দল আলমারি ও বাড়ির কেচিগেটের তালা ভাঙার চেষ্টা করে। পরে বাড়ির মুল্যবান জিনিসপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী রুপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আরজিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
ইত্তেফাক/নূহু